সলঙ্গা প্রতিনিধি :সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা) আসনের বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবিতে সভা-সমাবেশ ও বিক্ষোভ করছে দলটির মনোনয়ন বঞ্চিতদের একাংশ।মনোনয়ন পরিবর্তনের দাবিতে কেন্দ্রে অভিযোগও করেছেন তারা। তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণসহ বিদ্রোহীরা বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করেই চলেছে।এতে দলের নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ ও মতবিরোধ দেখা দিয়েছে। একে অপরের বিরুদ্ধে পক্ষে-বিপক্ষে অপপ্রচার ও কাদা ছোড়া-ছুড়িতে বিএনপি’র প্রচারণা নিয়ে ব্যাপক গুঞ্জন উঠেছে।বর্তমানে রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গা নির্বাচনী এলাকায় ভিপি আয়নুল হককে প্রার্থী ঘোষণা করেছেন দলের নীতি নির্ধারকগণ।এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলের আরও ১৯ জন প্রার্থী।এর মধ্যে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সাবেক এমপি প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের পুত্র রাহিদ মান্নান লেনিন।দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্র ঘোষিত প্রার্থী ভিপি আয়নুল হকের সাথে একাত্মতা প্রকাশ করলেও এমপি পুত্র রাহিদ মান্নান লেনিনের পক্ষের নেতাকর্মীরা মনোনীত প্রার্থী আয়নুল হক সমর্থকদের সাথে ঘেঁষতে চাইছেন না।মনোনয়নের দাবী নিয়ে লেনিন তার প্রয়াত বাবা আব্দুল মান্নান তালুকদারের বিগত সময়ে নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরছেন।মাটি- মানুষের নেতা,বিএনপি’র কান্ডারী আর এ আসনে সীমাহীন ভালোবাসায় সিক্ত ছিলেন,চার-চারবারের নির্বাচিত প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার।তারই সন্তান,তরুণ প্রজন্মের নেতা লেনিনের মনোনয়ন চান তার অনুসারীরা। অপরদিকে দলের হাই কমান্ডের সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাবেক ছাত্র নেতা আয়নুল হককে মনোনয়ন দেয়ায় খুশি বিএনপি’র তৃণমূল ও আয়নুল হক সমর্থকরা। আওয়ামী দুঃশাসনামলেও রাজপথ থেকে সরে দাঁড়ায় নি ভিপি আয়নুল হক।তিনি দৃঢ়তার প্রতীক,সাহসিকতার লড়াকু সৈনিক,একজন আপোষহীন নেতা। তিনি ছিলেন,আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়ন,জেল-জুলুম সহ্যকারী একজন কারাবরণ নেতা।এদিকে শায়েখ ড.আব্দুস সামাদ এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী।তাই জামায়াত মাঠে সক্রিয় রয়েছেন।নিয়মিত কর্মসূচি পালনসহ ভোট প্রার্থনায় জনগণের দ্বারে দ্বারে ঘুরছেন তারা।বিএনপি’র একাংশের মত বিরোধ ও কাদা ছোড়া-ছুড়িতে দলীয় নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ ও দেখা দিয়েছে দলীয় কর্মী বিভেদ।তাই দ্রুত সঠিক সিদ্ধান্ত ও চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবি জানান তৃণমূলের নেতাকর্মীরা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com