সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় উত্তর ও দক্ষিণ দমদমা হিয়ালা বিলের শতাধিক কৃষিজমি থেকে কচুরিপানা অপসারণের কাজে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার আমতলা চত্বরে এ কর্মসূচি পালন করেন পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষকরা।
কৃষক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বাবুল হাসান বকুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হিলফুল ফুজুল বাংলাদেশ ও সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, কৃষক রফিকুল ইসলাম, বুলবুল হোসেন, মুনসুর মোল্লা, কৃষক আদনানসহ অনেকে।বক্তারা জানান, বর্ষার পানির স্রোতে উজান থেকে ভেসে আসা কচুরিপানা হিয়ালা বিলের বিশাল এলাকা জুড়ে জমে রয়েছে, যা শতাধিক হেক্টর জমিতে আসন্ন বোরো ধানের চাষাবাদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। কৃষকরা নিজেদের উদ্যোগে জলার বাতা খাল দিয়ে কচুরিপানা অপসারণ করতে চাইলে কিছু অসাধু মৎস্যজীবী ও খাল দখলকারী মহল বাধা দেয়।মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি বাঁনার বাধ অপসারণ করতে উপজেলা মৎস্য বিভাগ ও কৃষি বিভাগকে নির্দেশ দেন। তাৎক্ষণাত উপজেলা মৎস্য বিভাগ বাঁনার বাধ অপসারণে অভিযান পরিচালনা করেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com