স.ম আব্দুস সাত্তার ,রায়গঞ্জ ,(সিরাজগঞ্জ) থেকে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে ভূমিহীনদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির আয়োজনে এবং উন্নয়ন সংস্থা নিজেরা করি-এর সার্বিক সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ভূমিহীন নেতা রহমত আলী। রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত ভিপি আয়নুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, বিআরডিপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং ধানগড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে মো. রহমত আলীকে সভাপতি এবং আবু হাশেমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নিজেরা করি সংস্থার অঞ্চল সমন্বয়ক আছাবুর রহমান আসাদ।অনুষ্ঠানের সমাপ্তিতে সাংস্কৃতিক পর্বে ধানগড়া ভূমিহীন সাংস্কৃতিক দল গণনাটক ‘কিস্তি’ পরিবেশন করে, যা উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com