শিক্ষক
-এম. আব্দুল হালীম বাচ্চু
চোখে মোটা ফ্রেমের চশমা, গায়ে পুরনো পাঞ্জাবি। হাঁটেন ধীর পায়ে, যেন ছাত্রদের ভবিষ্যৎ তিনি কাঁধে নিয়েই হাঁটছেন। তাঁর নাম শিক্ষক। সকালের ক্লাসে কখনও দেরি করেন না। বোর্ডে চকে লিখে বোঝান জটিল অঙ্ক, সরল অঙ্ক, পীথাগোরাসের উপপাদ্য, কিংবা রবীন্দ্র-নজরুলের সাহিত্য। মুখে শান্তির ছায়া, কিন্তু চোখে যেন অনন্ত ক্লান্তি। টিফিনে কখনও একটা বিস্কুট, কখনও এক কাপ চা। এটুকুই তাঁর প্রয়োজন। অথচ সেই মানুষটির সংসারেই টানাপোড়েন নিত্যসঙ্গী। সন্তানের প্রশ্ন- “বাবা, নতুন জামা কবে?” তিনি শুধু মুচকি মুচকি হাসেন আর বলেন, “হবে বাবা, হবে।” এদিকে বাড়িভাড়া বকেয়া দুই মাস। বাজারের বকেয়া খাতায় নামের নিচে লাল কালিতে আঁকা মোটা দাগ। যিনি সারাদিন অন্যদের জীবন গুছিয়ে দিতে শেখান,যাঁর হাত ধরে আমরা আলোর পথ খুঁজি, জ্ঞানজগতে প্রবেশ করি; অথচ তাঁর চোখেই রাতদিন খেলা করে ছোপ ছোপ অন্ধকার।
|
|
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com