গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে টানা দুইদিনের আয়োজনে সমাপ্ত হয়েছে বিতর্ক উৎসব। বিতর্কে উচ্চ মাধ্যমিকে নাজিরপুর ডিগ্রি কলেজ ও মাধ্যমিকে বিলদহর হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
গুরুদাসপুর ও সিংড়া উপজেলার অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বুধবার সকালে শুরু হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয় ওই আন্তঃউপজেলা শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক উৎসব। বিতর্কে কলেজ শাখায় নাজিরপুর ডিগ্রি কলেজের মাহমুদা খাতুন ও বিলদহর হাইস্কুলের আরাফাত ইসলাম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। বিতর্কে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হলো নাজিরপুর ডিগ্রি কলেজ।
আয়োজক প্রতিষ্ঠান নাজিরপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ওয়াহিদ মুরাদ লাবুর সভাপতিত্বে বিতর্ক উৎসবে মডারেটরের দায়িত্ব পালন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব মো. হাবিবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম রতন, সহকারী অধ্যাপক হারুনুর রশীদ, কবি মুন্টু ডানিয়েল ডি কস্তা প্রমূখ।“শিক্ষাগ্রহণে মোবাইল ফোনই শিক্ষার্থীদের একমাত্র বাধা” বিষয়টির পক্ষে-বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতায় গুরুদাসপুর ও সিংড়ার স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। প্রভাষক আলমগীর হোসেন ও মাসুদ রেজার সঞ্চালনায় বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বিচারকের দায়িত্ব পালন করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com