গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
পর্যটনকেন্দ্র চলনবিলের গুরুদাসপুর উপজেলার বিলসা এলাকায় নৌকা ভ্রমণের নামে শব্দ দূষণ, অশ্লীল নৃত্য ও মাদকসেবনের দায়ে দুইজনকে জেল জরিমানা করেছে প্রশাসন।
তারা হলেন- নাটোরের তেলগুপি গ্রামের সৌরভ সরদার (১৯) ও চক সিংড়ার নাফু শাহ (২২)। রবিবার সকালে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এসময় বিলের পরিবেশ নষ্ট করায় বিভিন্ন নৌকা থেকে ছয়টি সাউন্ড বক্স ও মাইক জব্দ করা হয়। একই সাথে বিলসা ‘মা জননী সেতু’ থেকে অস্থায়ী দোকানপাট অপসারণ করা হয়েছে। অভিযানে ইউএনওকে সহযোগিতা করেন এসিল্যান্ড আসাদুল ইসলাম ও পুলিশ সদস্যরা। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চলনবিল রক্ষা আন্দোলন গুরুদাসপুর শাখার সভাপতি মজিবুর রহমান মজনু।ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, অপার সম্ভানাময় পর্যটন কেন্দ্র বিলসা এলাকার সুষ্ঠু পরিবেশ ও আইনশৃংখলা বজায় রাখতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। ইতিপূর্বেও চলনবিলে উচ্চশব্দে গান বাজিয়ে শব্দদূষণ, অশ্লীল নৃত্য পরিবেশন, মা জননী সেতুর ওপর দোকান ও গাড়ি পার্কিং বন্ধের নির্দেশ দিয়েছি। অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

চলনবিল বার্তা chalonbeelbarta.com