উল্লাপাড়ায় বিলের বুকে নতুন শহর

Spread the love
ডাঃ আমজাদ হোসেন , উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌরসভা এলাকার খলিশাগাড়ী বিলে আবাসিক এলাকা ও নতুন শহর গড়ে উঠছে। বিল আর বিল থাকছে না। বিলের বুকে একের পর এক পাকা আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। বেশীরভাগ ভবন আধুনিক মানের বলে জানা ও দেখা গেছে । বিভিন্ন এলাকার নানা পেশার লোকজন বিলে জায়গা কিনে ভবন নির্মাণ করছেন। এদের সংখ্যা বেশী বলে জানা গেছে। বিলের জায়গা জমির আগের মালিকেরা ভবন করছেন। আর বিলের জায়গা জমির দাম ফি বছর বাড়ছে। বিলে সরকারি সড়ক পথ তেমন নেই। ভবন মালিকেরা নিজেরাই সমঝোতা করে সড়কের জায়গা রেখে ভবন নির্মাণ করছেন বলে জানা গেছে । তবে পৌরসভা থেকে একাধিক সড়ক নির্মাণে পরিকল্পনা করা হয়েছে।
উল্লাপাড়া পৌরসভা এলাকার মধ্যেই পুরো খলিশাগাড়ী বিল। পৌর শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া আগের নগরবাড়ী মহাসড়কের পশ্চিম পাশে বিশাল আয়তনের খলিশাগাড়ী বিলের সব জমি ব্যাক্তি মালিকানার বলে জানা গেছে। এক সময় বিলের বেশীর ভাগ জমিতে বছরে একবার ধান ফসলের আবাদ হতো। প্রায় বত্রিশ বছর আগে খলিশাগাড়ী বিলের বুকে বেয়ে নগরবাড়ী বাইপাস মহাসড়ক নির্মাণ করা হয়েছে। বিল থেকে পানি নিষ্কাশন ব্যবস্থায় মহাসড়কে বেশ কয়েকটি কালভার্ট নির্মাণ করা আছে। তবে পানি নিষ্কাশন ব্যবস্থা নানা কারণে বন্ধ হয়ে গেছে। এরপর থেকে বিলের জমিতে পানি জমে থাকায় ফি বছর ধান ফসলের আবাদ কমেছে। এখন আর দুই সড়কের মাঝে বিলের জমিতে ফসলের আবাদ হয়না।
বিলের এসব জমিতে এখন একের পর এক আধুনিক মানের ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবনের বেশীর ভাগই দোতলা থেকে ছয় তলার মধ্যে ও আধুনিক ডিজাইনের ভবন। সরেজমিনে ঘুরে দেখা গেছে শহরের বিজ্ঞান কলেজের পশ্চিমে বিলের বিশাল এলাকা জুড়ে সবচেয়ে বেশী সংখ্যক ভবন নির্মাণ হয়েছে। এছাড়া হ্যাচারী কমপ্লেক্সের পশ্চিম উত্তরে ও সরকারি আকবর আলী কলেজের পেছনে , পৌর টার্মিনালের পূর্বে একের পর এক নানা ডিজাইনের আধুনিক মানের ভবন নির্মাণ করা হচ্ছে। এর পাশাপাশি কেউ কেউ টিনের ছাউনির ঘর তুলে বসবাস করছেন। পৌর টার্মিনালের দক্ষিণে নির্মাণাধীন মডেল মসজিদের সামনে নগরবাড়ী মহাসড়ক থেকে শহরের গুলিস্থানমুখী একটি সড়ক পৌরসভা থেকে নির্মাণ করা হয়েছে। এসড়কে এখন নানা ধরণের বাহন যাত্রীদের নিয়ে সব সময় চলাচল করে থাকে। আর পৌর টার্মিনালের উত্তরে নগরবাড়ী মহাসড়ক থেকে হ্যাচারী কমপ্লেক্মমুখী একটি সড়ক পৌরসভা থেকে নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে সড়ক নির্মাণে মাটি বালু ফেলা হয়েছে।
প্রবাসীদের জন্য হাসপাতাল হচ্ছে: আসিফ নজরুল
সরেজমিনে বিলের বুকে গড়ে উঠা আবাসিক এলাকাগুলো ঘুরে দেখা ও জানা গেছে প্রতিদিনই নতুন ভবন নির্মাণে শ্রমিকেরা কাজ করছেন। এলাকার অনেকেই জানান এক সময় খলিশাগাড়ী বিলে বছরে একটি ধান ফসলের আবাদ হতো। সেসময় বিলের পানি বাখুয়া গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া একাধিক নালা হয়ে বের ( নিষ্কাশন ) হয়ে যেতো। এখন আর তা হয় না। সারা বছরই বৃষ্টি বাদলের পানি জমে থাকে । বিলে ঘুরে দেখা গেছে একেবারে বিলের মাঝে কেউ কেউ জায়গা কিনে টিনের ছাউনির ঘর আপাতত তুলে বসবাস করছেন। আবার কেউ কেউ মাটি ফেলে উচু ভিটে বেধে রাখছেন। বিজ্ঞান কলেজের পশ্চিমে বিলের মাঝে গড়ে উঠা আবাসিক এলাকা উপশহর বলে পরিচিতি তুলে ধরা হয়েছে। প্রতিবেদককে শিক্ষক মো. দুলাল হোসেন বলেন তিনি বিলের মাঝে কয়েক শতক জায়গা কিনেছেন। বসতবাড়ী করবেন। চাকুরীজীবি সদরুল হোসেন , ব্যবসায়ী নুরু মিয়া বলেন বিলের মাঝে জায়গা কিনে বাড়ী করে বসবাস করছেন। বিলের মাঝে ভবন নির্মাণকারী মালিকেরা আশা করছেন এক সময় বিলে তাদের চলাচল সুবিধায় পৌরসভা থেকে সড়ক পথ নির্মাণ করা হবে।
উল্লাপাড়া পৌরসভা নির্বাহী কমকর্তা মো. আশরাফুল ইসলাম ভুইয়া বলেন বেশ কয়েক বছর ধরে খলিশাগাড়ী বিলে নতুন নতুন আবাসিক ভবন গড়ে উঠছে। আবাসিক এলাকা পরিচিতি পাচ্ছে। পৌরসভা থেকে খলিশাগাড়ী বিল এলাকায় নতুন গড়ে উঠা আবাসিক এলাকাগুলোয় সড়ক নির্মাণ পরিকল্পনা করে দরপত্রে যাওয়ার আগের কাজ করা হচ্ছে। এরই মধ্যে এক দুটি সড়ক নির্মাণ কাজ করা হচ্ছে বলে জানান।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD