গোলাম মোস্তফা, বিশেষ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে কোরবানির ঈদকে টার্গেট করে মাত্রা অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছিল পশুর হাটগুলোয়। বিশেষ করে বৃহত্তর নওগাঁ হাটে লাগামহীন খাজনা আদায় করা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরে সেনাবাহিনীর অভিযানে অতিরিক্ত খাজনার টাকা ফেরত দেওয়া হয় বিক্রেতাদের। (০৫ জুন) বৃহস্পতিবার দিনভর চলে সেনাবাহিনীর যৌথ অভিযান।
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছি আর্মি ক্যাম্পের ইনচার্জ ওয়ারেন্ট অফিসার মো. নাহিদ আলম সাপ্তাহিক চলনবিল বার্তাকে বলেন, নওগাঁ হাটে ১টি গরুর খাজনা ৮শ’ থেকে ১ হাজার টাকা ও ছাগলের খাজনা ৩শ’ থেকে ৪শ’ টাকা পর্যন্ত আদায় করা হয়। পরে মাইকিং করে ভুক্তভোগী ক্রেতাদের নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ মাঠের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জমায়েত হতে বলেন। ৬ শতাধিক ক্রেতাকে অতিরিক্ত খাজনার টাকা ফেরত দেওয়া হয়।জানা গেছে, নিমগাছি আর্মি ক্যাম্পের ইনচার্জ ওয়ারেন্ট অফিসার মো. নাহিদ আলমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল নওগাঁ হাটে যৌথ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহম্মেদ খান উপস্থিত ছিলেন।
এহসান আহম্মেদ খান বলেন, নওগাঁ হাটে দীর্ঘ দিন ধরে অনিয়ম চলছে। প্রয়োজনে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সাথে কথা বলে হাটের ইজারা বাতিল করা হবে। তিনি অতিরিক্ত খাজনার টাকা ফেরত দেন। হাটের সেক্রেটারী মইনুল হককে ২০ হাজার টাকা জরিমানা করেন ও মামলা দেন। হাটের ইজারাদার মো. নিজাম উদ্দীন আগেই পালিয়ে যায়। নওগাঁ হাটের ইজারাদার মো. নিজাম উদ্দীন বলেন, প্রায় তিন কোটি টাকায় হাট ইজারা নেওয়া হয়েছে। এখন আমাদের পথে বসতে হবে। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, নওগাঁ হাটে অতিরিক্ত খাজনা আদায় করায় যথারীতি অভিযান পরিচালনা করা হয়েছে। এরপর অনিয়মের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com