তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে অন্যের জমির উপর দিয়ে ভ্যান চলাচলের রাস্তা দাবী করে না পেয়ে ক্ষীপ্ত হয়ে ভ্যান চালকের লাঠি আঘাতে সাইদার রহমান (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাইদার রহমানের ছেলে রফিকুল ইসলামও গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে।
গ্রামাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের বেল্লাল হোসেনের ছেলে ভ্যান চালক আনিসুর রহমান (২৫) একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে সাইদার রহমানের ফসলী জমির উপর দিয়ে দীর্ঘদিন ধরে ভ্যান চলাচলের রাস্তা দাবী করে আসছিলেন। কিন্তু জমির মালিক কৃষক সাইদার রহমান তাতে সম্মত না হওয়ায় উভয়ের মধ্যে বিরোধ বাধে। এরই জের ধরে শুক্রবার দুপুরে উভয়ের মধ্যে বাগবিতান্ডা শুরু হয়্। এক পর্যায়ে আনিসুর রহমান বাঁশের লাঠি দিয়ে সাইদার রহমানের মাথায় আঘাত করেন এবং তার ছেলে রফিকুল ইসলালের অন্ডোকোষে আঘাত করে গুরুতর আহত করেন। এ সময় এলাকাবাসি তাদের উদ্ধার করে খালকুলা ওহি জেনারেল হাসপাতালে নেয়ার পথে সাইদার রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত রফিকুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে উত্তেজিত জনতা হত্যাকারীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখান থেকে সাইদার রহমান নামক ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com