ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঙ্গালা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব ) মো. হেলাল উদ্দিনকে ভিজিএফ চাল চুরির অভিযোগে গ্রেপ্তার করে বুধবার (২৬ মার্চ) আদালতে চালান দিয়েছে মডেল থানা পুলিশ।সামনের ঈদউল ফিতর উপলক্ষে সরকার থেকে বাঙ্গালা ইউনিয়নের ২৪শ’ ৮৩ জন গরীব, দুস্থদের জন্য ভিজিএফ এর চাউল বরাদ্দ হয়। প্রতিজনের জন্য দশ কেজি করে চাল বরাদ্দ হয়।
গতকাল মঙ্গলবার ২৫ মার্চ বাঙ্গালা ইউনিয়ন পরিষদ থেকে এ চাল বিতরণ করা হয়।জানা গেছে প্রশাসনিক কর্মকর্তা মো. হেলাল উদ্দিন দুইশো জনের বেশী সংখ্যক ব্যক্তি চাল পাওয়ার আগেই জানান চাল নেই বিতরণ শেষ হয়েছে। এ সময় চাল না পেয়ে পরিষদ চত্বরে অনেকেই চাল দেওয়ার দাবী জানান বলে জানা গেছে।বাঙ্গালা ইউনিয়ন পরিষদ প্রশাসক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম পরিষদের বিভিন্ন রুমে তল্লাশি করে বস্তা ভর্তি ৮১১ কেজি চাল উদ্ধার করেন। এ সময় অভিযোগ উঠে ইউপি সচিব মো. হেলাল উদ্দিন বিতরণের আগেই পরিষদের গোপন কক্ষে এ চাল আত্মসাতের করতে লুকিয়ে রাখেন।উপজেলা প্রশাসন থেকে দুজন কর্মকর্তা বাঙ্গালা ইউনিয়ন পরিষদে গিয়ে সব জানেন। এর পর পুলিশের সহযোগিতায় উদ্ধার করা চাল জব্দ ও ইউনিয়ন পরিষদের সচিব মো. হেলাল উদ্দিনকে আটক করে থানায় আনা হয়।
বাঙ্গালা ইউনিয়ন পরিষদ প্রশাসক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন পরিষদের বিভিন্ন রুম থেকে এ চাল উদ্ধার করা হয়েছে। তিনি জানান, পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য ( মেন্বর ) মো. নুরুল ইসলাম মতি চাল আত্মসাত বিষয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. হেলাল উদ্দিন ও হিসাবরক্ষক মহব্বত আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান তথ্য নিশ্চিত করে বলেন প্রশাসনিক কর্মকর্তা মো. হেলাল উদ্দিনকে আদালতে চালান দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন বিষয়টি আইন মোতাবেক ব্যবস্থা হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com