স্টাফ রিপোর্টার ঃ সিরাজগঞ্জের তাড়াশে ছয়টি গ্রামের পানি প্রবাহের গুরুত্বপূর্ণ স্থানে পুকুর খনন করার কাজ শুরু করায় ক্ষিপ্ত হয়ে এক্সরেভেটর মেশিন পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের মাধবপুর গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাধবপুর গ্রামের জি কে এস জুনিয়র বালিকা বিদ্যালয়ে এর পূর্ব পাশে আব্দুল মতিন, বকুল হোসেন, গোলাপ হোসেন, মাসুদ রানা, মালেক মেম্বার ও মোশারফ হোসেনের নেতৃত্বে ওই পুকুর খননের কাজ চলছিল। এলাকাবাসীর দাবি ওই স্থানে পুকুর খনন করা হলে মাধবপুর, চকগোপিনাথপুর, মথুরাপুর, সোলাপাড়া, শ্রীকৃষ্ণপুর ও বোয়ালিয়া গ্রামের মাঠের পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাবে। এই অভিযোগে তারা ওই স্থানে পুকুর খননের বাধা সৃষ্টি করে। একপর্যায়ে শুক্রবার গভীর রাতে উত্তেজিত এলাকাবাসী পুকুর খননরত এক্সরেভেটর মেশিনে আগুন ধরিয়ে দেয়। এতে মেশিনটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে যায়।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, অবৈধ ভাবে পুকুর খনন করা এক্সরেভেটর মেশিনে এলাকাবাসী রাতের আধারে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিযন্ত্রণে রয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com