গুরুদাসপুর প্রতিনিধি. সংবাদ প্রকাশের জের ধরে গুরুদাসপুরের এক গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খুবজীপুর এম হক ডিগ্রী কলেজের দর্শন বিষয়ের প্রভাষক মো. রবিউল করিম বাদি হয়ে গুরুদাসপুর আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন। মামলায় মোট ৮জনকে আসামি করা হয়েছে।
মূলত বগুড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম শফি ও তার ছোট ভাই বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. শওকত আলীর নামে ‘কোটিপতি দুই ভাইয়ের ভয়ে তটস্ত গ্রামের মানুষ’ শিরোনামে ২৬ আগস্ট ইত্তেফাকের অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশিত হয়। সাংবাদিক সম্মেলনে উপজেলার বামনবাড়িয়া গ্রামের স্থানীয় ভুক্তভোগী কয়েকজন কৃষক ওই দুই ভাইসহ বাদীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন।এদিকে কৃষকদের ওই সাংবাদিক সম্মেলনের সংবাদটি প্রকাশ করায় ইত্তেফাকের গুরুদাসপুর সংবাদদাতা রাশিদুল ইসলাম (সাদ্দাম) নামেও মামলায় বিবাদি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে (৩ অক্টোবর) মামলাটি প্রত্যাহেরর দাবি জানিয়ে আলোচনা সভা করেছেন গুরুদাসপুরের সাংবাদিক মহল। এসময় উপস্থিত ছিলেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মদ ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ইত্তেফাকের রাশিদুল ইসলাম, কালবেলার মিজানুর রহমান, সমকালের নাজমুল হাসান নাহিদ, মানবকণ্ঠের জালাল উদ্দিন, সকালের সময়ে’র আতিকুর রহমান, বাংলাদেশ বুলেটিনের রহমত আলী প্রমূখ। সাংবাদিক নেতৃবৃন্দ অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।#
চলনবিল বার্তা chalonbeelbarta.com