তাড়াশ প্রতিনিধিঃ গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক আত্মগোপনে রয়েছেন। ১৫ দিন পার হলেও চেয়ারম্যান আব্দুল খালেক একদিনের জন্য আসেনি ইউনিয়ন পরিষদে। ফলে ইউনিয়ন পরিষদের সকল সেবা মূলক কার্যক্রম বন্ধ থাকায় অকার্যকর হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদ। আর এ অবস্থায় এলাকার ভুক্তভোগী জনগণ ও সেবা গ্রহীতারা সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যানের অপসরণ দাবী করে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে সেবাবঞ্চিত জনগণের পক্ষে আলামিন হোসেন, আসিব ইকবার, আবুল কালাম আজাদসহ আরো অনেকে বলেন, ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন , ওয়ারিশান সনদ , নাগরিক সনদসহ বিভিন্ন প্রকার সেবা না পেয়ে চরম বিপাকে পড়েছেন সেবা নিতে আসা ইউনিয়নের জনসাধারণ। চেয়ারম্যােনর কক্ষ তালাবদ্ধ থাকায় সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন সেবা গ্রহীতারা।
ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, সরকার পতনের পর থেকেই চেয়ারম্যান পরিষদে আসেন না। এতে ইউনিয়ন বাসী বিভিন্ন সেবা থেকে বঞ্চিত রয়েছেন।
এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, ব্যক্তিগত কাজে বাইরে আছি। শিগ্রই ইউনিয়ন পরিষদে ফিরে আসব।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, শুধু জন্মনিবন্ধন সনদের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ওই ইউনিয়নে চেয়ারম্যানের অনুপস্থিতি থাকার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com