নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ এর অভিযানে একযুগ ধরে পলাতক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মজনু সরকার গ্রেফতার হয়েছে। গ্রেফতার মজনু সরকার (৪৫) রংপুর জেলার মিঠাপুকুরের তিলকপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলী ওরফে মোবার আলীর ছেলে।
বুধবার দুপুরে র্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম জানান, র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২’র সদর কোম্পানি ও র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর এর যৌথ আভিযানিক দল মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ভুঁইয়াগাতী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। তখন রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার ১৯৯০ সালের দায়ের করা একটি মাদক মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক মজনু সরকারকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, মামলা রুজুর পর আদালত হতে জামিন নিয়ে নিজের নাম পরিচয় গোপন করে সিরাজগঞ্জের সলঙ্গা থানা সহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে সুকৌশলে মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল। তার নামে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় এবং রংপুর জেলার মিঠাপুকুর থানায় আরো ২টি মামলা রয়েছে।
এদিকে আটকৃত মজনুকে বুধবার দুপুরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রংপুর জেলার মিঠাপুকুর থানার পাঠানো হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com