চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষন করা ও ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগে শিপন সরকার (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা হয়েছে। মামলা নং ২৫,তাং ২৪/০৬/২০২৪। অভিযুক্ত শিপন সরকার ধানকুনিয়া গ্রামের আলীমুদ্দিন সরকারের ছেলে। পুলিশ তাকে গ্রেপ্তার করে গত মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ধানকুনিয়া বাজারের ডেকোরেটর ব্যবসায়ী ফারুক হোসেনের সাথে বন্ধুত্বের সম্পর্ক একই গ্রামের শিপন সরকারের। এরই সূত্র ধরে শিপন সরকার মাঝে মধ্যেই ফারুক হোসেনের দোকানে এসে বসতো। ফারুকের স্ত্রী (৩০) মাঝে মধ্যেই স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানে বসতেন। এই সূত্র ধরেই ফারুকের স্ত্রীর সাথে পরিচয় হয় শিপন সরকারের। পরিচয়ের সূত্র ধরে শিপন সরকার ওই গৃহবধূকে অনৈতিক কাজের প্রস্তাব দিতো। বিষয়টি ফারুক হোসেন জানার পর শিপনকে দোকানে আসতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হন শিপন। এক পর্যায়ে গত ০৫/০১/২০২৪ তারিখ দুপুরে শিপন সরকার ফারুকের দোকানে আসেন। এসময় ফারুক দোকানে ছিলো না। শিপন সরকার ওই গৃহবধূকে একা পেয়ে দোকান ঘরের পেছনে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু কোন সমাধান না হওয়ায় ওই গৃহবধূ ঘটনার প্রায় ৬ মাস পর চাটমোহর থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলা দায়ের করার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শিপন সরকারকে গ্রেপ্তার করেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা জানান, অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com