ডাঃ আমজাদ হোসেন: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোরবানির পশুর চামড়া কিনে পর পরই আড়ৎ মালিকেরা লবণ মেখে সংরক্ষণ করে রেখেছেন। এরই মধ্যে এসব চামড়া বেচতে মোকাম বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে তারা যোগাযোগ করছেন।
উল্লাপাড়া উপজেলা সদরের শ্যামলীপাড়া পুরানো বাসষ্ট্যান্ড এলাকায় এবার দু’টি আড়তে বিভিন্ন দামে বিপুল সংখ্যক কোরবানি পশু চামড়া কেনা হয়েছে। এর প্রায় নিরানব্বই ভাগই গরু চামড়া বলে জানা গেছে। ঈদের দিন দুপুর পর থেকেই চামড়া আড়ত মালিকেরা বিভিন্ন এলাকার মৌসুমী ফরিয়া ও সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন দামে কোরবানি পশু চামড়া কিনেছেন। চামড়া কেনার পর পরই তারা লবণ মেখে একাধিক লাটে তা সংরক্ষণ করে গুদামে রেখেছেন।
উল্লাপাড়ার শ্যামলীপাড়ার চামড়া আড়ৎ মালিক মো, মহাব্বত আলী বলেন, তিনি এবারে ছোটো বড় মিলে প্রায় এক হাজার গরুর চামড়া কিনেছেন। অভিজ্ঞ শ্রমিকদের দিয়ে কেনার পর পরই লবণ মেখে নিজ গুদামে চামড়া সংরক্ষণ করে রেখেছেন। নাটোর ও ঢাকার চামড়া ব্যবসায়ীদের কাছে তিনি এ চামড়া বেচবেন।
তিনি আরো বলেন দু’একজন ব্যবসায়ীর সাথে ঈদের পরের দিন কথা হয়েছে। তবে আরো দিন পাঁচেক পরে মোকাম বাজারের ব্যবসায়ীরা আসবেন বলে তিনি আশা করছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com