লুৎফর রহমান: সিরাজগঞ্জের তাড়াশে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এবার মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক–মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।
গত ১ লা মে বুধবার সকালে দিবসটি উপলক্ষে তাড়াশ পশ্চিম বাঁধ উপজেলা ট্রাক শ্রমিক অফিস থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে র্যালি শেষ হয়। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বিধান চক্রবর্তী ,সাধারণ সম্পাদক খাদেম আলী ,বাস শ্রমিকের সভাপতি তাজেল ফকির সাধারণ সম্পাদক এস এম ফারুক,তাড়াশ বাজার কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক আলীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
১ মে মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময় সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন পথে নেমে এসেছিলেন।
অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com