সাব্বির আহম্মেদঃ সিরাজগঞ্জের তাড়াশে একটি কালো মুখো হনুমান চার দিন হলো লোকালয়ে ঘুরছে। আর উৎসুক লোকজনের অত্যাচারে হনুমানটি অস্থির এবং অতিষ্ঠ হয়ে পরেছে। বিষয়টি মাধাইনগর ইউনিয়নের উত্তরমথুরাপুর(ধাপ) গ্রামের মোঃ আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গত রবিবার তাড়াশ নিমগাছী রাস্তার ধাপের ব্রীজের উপর ওই হনুমানটি বসে থাকতে দেখা যায়। সন্ধ্যার আগ মুহুর্তে ওই গ্রামের এক মহিলার পিছনে পিছনে তার বাড়িতে চলে আসে। আর হনুমানটিকে দেখতে ওই এলাকার শিশু,কিশোর ও নারী-পুরুষরা ওই বাড়িতে ভীর জমায়। উৎসুক জনতা হনুমানটিকে কখনো কলা আবার কখনো রুটি দিলে তা নিয়ে খেতে থাকে। আবার অনেকে তার সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পরে। হনুমানটি রাতে ওই বাড়ীর একটি আম গাছে অবস্থান নিয়ে রাত্রি যাপন করে।
সকাল হলেই নিচে নেমে আসে এবংমুহুর্তের মধ্যেই প্রতিবেশী ফারুকের বাড়ীতে চলে যায় । এ সময় ফারুক তাকে খাবার দিলে ভয়-ভীতি উপেক্ষা করে তার কাছে চলে আসে। সবশেষ বুধবার সকালে শেরাজপুর গ্রামে দেখা গেছে।
ফারুক জানায়, অতি উৎসাহি লোকজন হনুমানটির দৃষ্টি আকর্ষনের জন্য চেষ্টা করে বিরক্ত করতে থাকে। আমি সবাইকে বলে দিয়েছি কোন ব্যক্তি হনুমানটিকে যেন বিরক্ত না করে। এলাকার শিক্ষক আব্দুস সামাদ জানান, এলাকা সংলগ্ন তাড়াশ- নিমগাছী সড়ক। ধারনা করা হচ্ছে বন এলাকা থেকে আসা কোন ট্রাকের ছাদে করে হনুমানটি এ এলাকায় আসতে পারে।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, হনুমানটিকে বিরক্ত করা থেকে বিরত থাকলেই সে চলে যাবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com