ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনায় প্রথম অ্যামেচার রেডিও লাইসেন্স পেয়েছেন ভাঙ্গুড়ার মো: গোলাম রাব্বি। বিগত ২০১৮ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত অ্যামেচার রেডিও লাইসেন্স এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আজ বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর) তাকে S21GRP কলসাইন প্রদান করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে তিনি নির্দিষ্ট বেতার তরঙ্গ ব্যবহার করে ওয়াকিটকি সেট এবং বেইজ সেট ব্যবহার করতে পারবেন।
গোলাম রাব্বি ১৯৯৭ সালে ভাঙ্গুড়া পৌরশহরের ভাঙ্গুড়া বাজার এলাকায় জন্ম গ্রহণ করেন। তিনি এলাকার পরিবহন ব্যবসায়ী ও ভাঙ্গুড়া বাস টার্মিনালের সাধারণ সম্পাদক মাসুদ রানার বড় ছেলে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সেই সাথে তিনি স্থানীয় সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার সহ-বার্তা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
গোলাম রাব্বি জানান, মূলত প্রাকৃতিক দুর্যোগকালে ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থাকে রেডিও যন্ত্রপাতি ও বেতার তরঙ্গের সাহায্যে পুন:স্থাপনের মাধ্যমে মানুষ ও প্রকৃতিকে সাহায্য করাই অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিওর মূল উদ্দেশ্য।অ্যামেচার রেডিও অপারেটর প্রত্যেকের আলাদা এবং স্বতন্ত্র কল সাইন আছে। বাংলাদেশে অ্যামেচার রেডিও অপারেটরের সংখ্যা বর্তমানে প্রায় এক হাজার।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com