নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আবাসিক এলাকার দুই কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বেকারির জরিমানা এবং দই কারখানার মালিককে কড়াভাবে সতর্ক করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম উপজেলার কুন্দারহাটের আইলপুনিয়া মানুষমারি এলাকার বেবি ফুড বেকারির কারখানাতে অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত দেখেই কারখানা থেকে দৌড়ে পালায় কয়েকজন শ্রমিক। পরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করার অপরাধে ওই বেকারির ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে পৌর সদরের কলেজপাড়া আবাসিক এলাকার আরব আলী দই কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিককে কড়াভাবে সতর্ক করা হয়েছে। এসময় বিচারকের সঙ্গে ছিলেন নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com