সাব্বির আহম্মেদ, তাড়াশ: সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়া ইউপি সদস্য খোদেজা বেগমের নিজেরই ছিল না বসবাস যোগ্য ঘর। পরিবার পরিজন নিয়ে বাস করতেন ছোট্র একটি কুঁড়ে ঘরে। ইউপি সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি ১৫০ টাকা মজুরীতে থালা বাসন পরিস্কারের কাজ করতেন তাড়াশ পৌর শহরের শাহ হোটেলে। গত শনিবার সকালে তাঁকে একটি বসবাস যোগ্য ঘর উপহার দেন দরিদ্রদের নিয়ে কাজ করা বেসরকারী সংস্থা হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট।
বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক জানান, অত্র ইউনিয়নের ৭,৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসন থেকে দ্বিতীয় বারের মত বিপুল ভোটে নির্বাচিত হন বিনসাড়া গ্রামের খোদেজা বেগম। সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন। হাঁসি মুখে জনগনের সেবা করেন। আর নিজে হোটেলে থালা বাস পরিস্কারের কাজ করে পরিবারের খরচ চালান। তাঁর এমন কর্মের জন্য তাঁকে নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় একাধিক লেখা প্রকাশিত হয়েছে। এমন এক জন মানুষকে একটি বসবাস যোগ্য ঘর উপহার দিয়ে পূর্ণের কাজ করেছে বেসরকারী সংস্থা হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালক শাহবাজ খান সানি, ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার, তাড়াশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, তাড়াশ স্বেচ্ছায় রক্ত দান সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুম বিল্লাহ, ভিলেজ ভিশনের ভলান্টিয়ার সিয়াম,সাগর, শামীম প্রমুখ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com