গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িহাঁসমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই যুবক রাসেল আহমেদ (২১) আন্নাছ আলীর ছেলে ও শিবলু হোসেন (২৪) মরহুম রঞ্জু ইসলামের ছেলে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
আহত শিবলু হোসেন জানান, ‘গত তিনদিন পূর্বে তুচ্ছ ঘটনা নিয়ে দড়িহাঁসমারী গ্রামের বাবলু ইসলামের ছেলে আসিফ উদ্দিন, সেরভান আলীর ছেলে রাব্বি হোসেন ও মো. পলানের ছেলে রাকিবের সাথে কথাকাটাকাটি হয়। ঘটনার সময় দড়িহাসমারী মোড়ে আমি এবং রাসেল বসে ছিলাম। এসময় ধারালো ছুরি ও কাঁচি নিয়ে আমাদের দুইজনের ওপর হামলা চালিয়ে এলোপাতারিভাবে ছুরিকাঘাত করে। আমাদের ডাক চিৎকারে স্থানীরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমার শরীরে মোট ৪টি স্থানে সেলাই দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে কালোশিরা জখম হয়ে আছে। এছাড়াও রাসেলের শরীরে দুইটি সেলাই দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে’। অভিযুক্তরা পলাতক রয়েছে।এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, তিন জনের বিরুদ্ধে শিবলুর চাচা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com