ভেঙ্গে পড়েছে চিকিৎসা ব্যবস্থা
সাব্বির আহম্মেদ, তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেনারি হাসপাতাল ২২ দিন ধরে চিকিৎসক শূন্য রয়েছে। ফলে ভেঙ্গে পড়েছে, উপজেলার প্রাণী সম্পদ চিকিৎসা ব্যবস্থা।উপজেলা প্রাণীসম্পদ হাসপাতাল সূত্রে জানাগেছে, হাসপাতালের এক মাত্র চিকিৎসক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম পাভেল গত ৮মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে কার্যত ২২ দিন ধরে হাসপাতালটি চিকিৎসক শূন্য রয়েছে।
এতে উপজেলার খামারী ও প্রান্তিক কৃষক গন গবাদি পশু চিকিৎসার জন্য হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। ইতিমধ্যে বিনা চিকিৎসায় উপজেলার বারুহাস ইউনিয়নের কাজীপুর গ্রামের দরিদ্র কৃষক সোহেল রানার ২ লক্ষ টাকার ১টি ষাড় গরু বøাক কোয়াটার (বাদলা) রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছেন ওই কৃষক। আবার উপজেলার ধাপতেতুলিয়া, সোনাপাতিল, আড়ংগাইলসহ আরও বেশ কয়েকটি গ্রামে ওই রোগে গরু আক্রান্তের খবর পাওয়া গেছে।
বৃহস্পতি বার উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালে পশু চিকিৎসা নিতে আসা কামারশোন গ্রামের মোবারক হোসেন বলেন, মাত্র ২জন ষ্টাপ অফিস খুলে বসে আছেন। হাসপাতালে কোন চিকিৎসক নেই। চিকিৎসা কাজ একেবারেই বন্ধ রয়েছে। ফলে অসুস্থ পশু নিয়ে ফিরে যাচ্ছি।
এ ব্যাপারে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ তালুকদার বলেন, আমি নিজে তাড়াশে গিয়ে বাদলা রোগে আক্রান্ত গরু গুলোকে ভ্যাকসিন দেবার ব্যবস্থা করেছি। তিনি আরও বলেন, ডাঃ শফিকুল ইসলাম বিনা অনুমতিতে গত ৮ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাকে শোকজ করেছি। এতেও যদি তিনি কর্ম স্খলে না আসেন তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ দিকে কর্মস্থলে অনুপস্থিত তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম পাভেলের সাথে মুঠো ফোনে যোগা যোগ করা হলে তিনি জানান, আমি উচ্চতর ডিগ্রী গ্রহনের জন্য মন্ত্রনালয় থেকে অনুমতি নিয়ে এখন ময়মনসিংহে রয়েছি। আমার স্থলে কোনো ডাক্তার দেবেন কিনা সেটা মন্ত্রনালয় বুঝবেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com