গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর শ্রমিক হেলাল হত্যার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে জেলা ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চাঁচকৈড় বাজারে বিক্ষোভ মিছিল ও বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো. রেজাউল করিম সবুজ ফকিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস, শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. মাসুদ সরকার, ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নুদ্দিন মিস্ত্রী, আওয়ামীলীগ নেতা মো. আলমগীর শেখ, ছাত্রলীগ নেতা মো. আনোয়ার হোসেন, মো. অনিক শেখ, নিহত হেলালের স্ত্রী আতিয়া সুলতানা প্রমুখ।মানববন্ধনে উপস্থিত হেলালের মা হেনা বেগম বলেন, ‘‘উপযুক্ত ছিলো দুই ছেলে আমার। বড় ছেলেকে হত্যা করা হলো আর ছোট ছেলে শিশিরকে আজীবনের জন্য পঙ্গু করে দেওয়া হলো। তাদের তিন মাসুম কণ্যাকে নিয়ে এখন আমি কি করে চলব আল্লারে’’ বলেই তিনি কান্নায় মুর্ছা যান। সন্তান হারা মায়ের এমন আর্তনাদে অশ্রæসিক্ত হয়ে পড়েন প্রায় সবাই।
উল্লেখ্য, মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিক ইউনিয়ন চাঁচকৈড় শাখা অফিসের সামনে ওই অফিসের শ্রমিক হেলাল সরদার (৩৫)কে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তার সাথে থাকা ছোটভাই শিশির (২৮)কেও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা।আসামীরা প্রকাশ্যে ঘুরলেও তারা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, আসামীদের গ্রেপ্তার ও শাস্তি না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্রসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে প্রতিবাদ জানান।গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ইতিমধ্যে আসামী মো. আকাশ, তুহিন ও তোহা জমাদারকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত চলছে। স্বাক্ষী ও প্রমাণ সাপেক্ষে বাকী আসামীদেরও গ্রেপ্তার করা হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com