সিংড়া প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কৈডালা এলাকার তিনটি বাড়িতে আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে একশত লিটার চোলাই মদ ও তিন হাজার লিটার ওয়াশ জব্দ করেছে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বাড়িগুলো একেবারে গ্রামের ভেতরে। সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজারের প্রধান সড়ক হয়ে বাঁ পাশে কৈডালা ফৌজদার পাড়া এলাকায় এসব ছোট বাড়ি। এ জন্য সব সময় লোকজনের চলাচলে ব্যস্ত থাকে। কিন্তু দিন গড়িয়ে রাত হলেই এলাকাটির পরিবেশ বদলে যায়। অচেনা লোকের আনাগোনা বাড়তে থাকে। কারণ, বাড়িগুলো থেকে বিক্রি হয় চোলাই মদ। শুধু মদ বেচাকেনা নয়, রীতিমতো মদ তৈরি করা হয়।ফৌজদার পাড়ার এসব বাড়ি থেকে একশত লিটার চোলাই মদ ও তিন হাজার লিটার ওয়াশ জব্দ করা হয়েছে। মদের ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সিংড়া থানায় দুইজনের নামে মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাইজুল ইসলামের নেতৃত্বে তিনটি বাড়িতে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। জব্দ হওয়া মদ ঘটনাস্থলেই মাটিতে ঢেলে দিয়ে ধ্বংস করা হয়েছে। অভিযান চালানো একটি বাড়ির মালিক মাদক ব্যবসায়ী মিঠু কর্মকার। তবে তাঁকে পাওয়া যায়নি।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com