‘বাংলা ভাষাকে এগিয়ে নিতে আমাদেরই কাজ করতে হবে’ -মোস্তাফা জব্বার
চলনবিল বার্তা ডেস্ক : আজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে প্রযুক্তিতে বাংলার ব্যবহারকে আরো এগিয়ে নিতে বাংলায় গুণগত কনটেন্ট নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। গত শনিবার মোবাইল ফোন অপারেটর রবি আয়োজিত ‘প্রযুক্তিতে বাংলার ব্যবহার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। মন্ত্রী বলেন, ‘ভাষা নদীর মতো বহমান। ভাষার কিছু অপব্যবহার সত্ত্বেও নদীর মতো বাংলা আপন গতিতে প্রবাহমান থাকবে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমাদের কাজ তরুণ প্রজন্মকে সংশ্লিষ্ট করে প্রযুক্তির মাধ্যমে এর অগ্রগতি নিশ্চিত করা।
তিনি আরো বলেন, ‘সরকারের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প-এর আওতায় মোট ১৬টি টুলস উন্নয়ন করা হচ্ছে। ’মোস্তাফা জব্বার বলেন, ‘শুধু ভাষাকে নয়, আমাদের বর্ণমালাটিকেও ভালোবাসতে হবে। মনে রাখতে হবে, বাংলাদেশই বাংলার রাজধানী। বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরই কাজ করতে হবে।অনুষ্ঠানে মূল প্রবন্ধে বিটিআরসি-এর সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস ডিভিশন-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ বলেন, ‘প্রযুক্তিতে বাংলা ভাষার অন্তর্ভূক্তির ফলেই আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখতে পেরেছি। জনসংখ্যার বিচারে বাংলা সপ্তম অবস্থানে থাকলেও ইন্টারনেট ব্যবহারে শীর্ষ ৪০টি ভাষার মধ্যে বাংলা ঠাঁই পায়নি। তাই বাংলার মাধ্যমে প্রযুক্তিকে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছাতে হবে। ’ তিনি বলেন, ‘মোবাইল আর্থিক সেবা বাংলায় সহজলভ্য হওয়ার কারণেই কিন্তু দেশের আর্থিক অগ্রগতি ত্বরাম্বিত হচ্ছে। প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার যত বাড়বে, ডিজিটাল বিভক্তি তত দূর হবে; তাহলে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবে দেশ। ’ প্রযুক্তিতে বাংলার ব্যবহারকে সহজলভ্য করতে আমাদের প্রচেষ্টা অব্যহত থাকবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com