গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে দোকানে হামলা চালিয়ে ৪ জনকে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সাড়ে ৬টার দিকে পৌর সদরের চাঁচকৈড় বাজারের সুমাইয়া সু ষ্টোরে ওই হামলা হয়। এতে দোকান মালিক দুলাল খলিফা (৫৫) ও তার ছেলে বাবলু খলিফা (২৫), কর্মচারী সুলতান (৩০) এবং শাহিন (৩২) কে লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এসময় দোকানও ভাংচুর করা হয়। এঘটনায় আহতরা গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, ব্যবসায়িক টাকার লেনদেনকে কেন্দ্র করে উভয়পক্ষে প্রথমে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরে চাঁচকৈড় সওদাগর পাড়ার মান্নান সওদাগরের ছেলে অনিক সওদাগর (৩০) ও মোহন সওদাগর (২৬) এর নেতৃত্বে হামলা চালানো হয়। এধরনের হামলায় চাঁচকৈড় হাটে চরম আতংকের সৃষ্টি হয়। ভরা হাটে এমন সংঘবদ্ধ হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মান্নান সওদাগরের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
হামলার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হামলার ঘটনায় দোকান মালিক দুলাল খলিফা বাদী হয়ে রাতে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com