তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সিরাজগঞ্জের তাড়াশে মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুরিয়া গ্রামের কয়েক হাজার মানুষ একটি সেতুর অভাবে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। তাদের এমন জনদুর্ভোগ শুধু বন্যার সময় নয়, শুষ্ক মৌসুমেও তা পোহাতে হয়। কারণ খালের মধ্যে বন্যার পানি সারা বছরই রয়ে যায়।
হামকুরিয়া গ্রামের বাসিন্দা ও দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজের পরিদর্শক গোলাম কিবরিয়া উজ্জল বলেন, জন্ম থেকে তাদের যাতায়াতের সমস্যা। এক সময় ওয়াবদা বাঁধ থেকে নৌকায় হামকুরিয়া গ্রামে যেতে হতো। পরবর্তীতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক নির্মাণের ফলে যোগাযোগ সংকটের দূরত্ব কমে আসে। তারপর গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো বানানো হয়। মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল বলেন, হামকুরিয়া গ্রামে পাঁচ হাজারের অধিক লোকের বসবাস। তাদের জন্য একটি সেতু খুবই প্রয়োজন।
সরেজমিনে সোমবার দেখা যায়, কাটাখালি খালের ঐ বাঁশের সাঁকো দিয়ে মানুষজন বেশ ঝুঁকিতে যাতায়াত করছেন। সাঁকোর দুপাশে রেলিং নেই। শিশুরা ভয়ে বড়দের আকড়ে ধরে সাঁকো পার হচ্ছে।এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মো. আবু সায়েদ বলেছেন, কাটিখালি খালের উপর সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com