স.ম. আব্দুস সাত্তার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের রায়গঞ্জে লকডাউন উপেক্ষা করে জাকজমকভাবে চান্দাইকোনা গরুর হাট লাগানো হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে হাটে সরেজমিনে গিয়ে দেখা যায় শারিরীক দূরত্ব, স্¦াস্থ্যবিধি না মেনে ও সরকারী বিধি নিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাট বসিয়েছেন হাটের ইজারাদারেরা। এ বিষয়ে হাট কর্তৃপক্ষের সভাপতি মোঃ আব্দুর রাকিব বিশ্বাস বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেই হাট বসানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল আলমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান লকডাউনের সময় হাট বসানো যাবে না। হাটে একজন গরু বিক্রেতা গৃহস্থ আব্দুর রাজ্জাক জানান লকডাউন কি তা বুঝিনা গরু বিক্রি কইরবার আছি তাই আমি জানি। হাটে অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে ছিল না মাস্ক। হ্যান্ড স্যানিটাইজার তো দূরের কথা হাত ধোয়ার জন্য ছিল না সাবান পানির ব্যবস্থা। এ দিকে হাটে সংশ্লিষ্ট সরকারী বিধি বিধানের কোন চার্ট দেখা যায় নি। অপরদিকে একই দিন বিকেলে উপজেলার পাঙ্গাসী হাটেও লকডাউনকে উপেক্ষা করে গরুর হাট লাগানো হয়েছে। হাটের ইজারা কমিটি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ্র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়। পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন চারটার মধ্যেই হাট ভেঙ্গে দেয়া হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com