সাব্বির আহমেদ : সিরাজগঞ্জের তাড়াশে সরিষার জমিতে ব্যাপকভাবে পোকার আক্রমণ দেখা দিয়েছে। লেটুরা পোকার আক্রমণে শতশত বিঘা সরিষার ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। একাধিকবার কিটনাশক প্রয়োগ করেও ফল পাচ্ছেন না কৃষক। কৃষকদের অভিযোগ স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা পাচ্ছেন না তারা।
কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে , তাড়াশ উপজেলায় চলতি বছর ৪ হাজার ৩ শ ৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার আবাদ হয়েছে। ইতিমধ্যেই স্বল্প পরিসরে পাকা সরিষা তোলা শুরু করেছেন কৃষক। আর বিপত্তি বেধেছে নাবী জাতের সরিষার জমিতে পোকার আক্রমনে।
উপজেলার সগুনা ইউনিয়নের লালুয়ামাঝিড়া, কামাড়শন, মাকোড়শন, কুন্দইল, দিঘী -সগুনা, সহ ওই এলাকায় ফসলী মাঠ ঘুরে দেখা গেছে ব্যাপক ভাবে সরিষার জমিতে পোকার আক্রমন দেখা দিয়েছে। মূলতঃ এক জাতীয় পোকা সরিষার জমিতে ছড়িয়ে পড়ছে। সে পোকা সরিষার দানা খেয়ে ফেলছে ও ডগা কেটে দিচ্ছে। বিশেষ করে যে জমিতে পোকার আক্রমন দেখা যাচ্ছে সে সকল জমির কাঁচা সরিষা ফ্যাকাশে বর্ণ ধারন করছে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা এ পোকাকে লেটুরা পোকা বলে জানিয়েছেন । কামাড়শোন গ্রামের কৃষক ফজলার রহমান অভিযোগ করে বলেন, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের দেখা পাচ্ছেন না। তাই তাদের পরামর্শ দেয়ার জন্যও কেউ নেই। লালুয়ামাঝিড়া গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, যে জমির সরিষার ফল কাঁচা সেই সরিষার জমিতে পোকার আক্রমনও বেশি। আর পাকা সরিষাতে পোকার আক্রমন কম।
মাকড়শোন গ্রামের রমজান আলী, মহসীন আলী, শাহিন সহ একাধিক কৃষক জানান, অনেকেই পোকার আক্রমনে জমিতে বাজার থেকে কেনা কীট নাশক দিলেও তাতে কোন ফল পাচ্ছেন না। এতে করে অনেক কৃষক আধা পাকা সরিষা জমি থেকে তুলতে বাধ্য হচ্ছেন। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা জানান, তিনি গত সপ্তাহে ওই এলাকার ফসলী মাঠ পরিদর্শন করেছেন । তবে তখন জমিতে লেটুরা পোকার পরিমান কম ছিল। এখনও কোন কৃষক তাকে জমিতে পোকার আক্রান্তের কথা জানাননি ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com