চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
পাবনার চাটমোহরে ছাইকোলা চৌরাস্তা এলাকায় এক যুবককে হত্যা করে স্বর্ণ অলঙ্কার লুটের ঘটনা ঘটেছে । নিহত যুবক মহরম হোসেন (২৫) ছাইকোলা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ছাইকোলা চৌরাস্তা এলাকায় অবস্থিত স্বর্ণ ব্যবসায়ী আমজাদ হোসেনের দোকানের কর্মচারী ছিলেন।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে দোকানে তার মৃত দেহ দেখতে পান এলাকাবাসী। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোন এক সময়ে কে বা কাহারা তাকে শ্বাস রোধ করে হত্যা করে সোনা ও রূপার মালামাল লুট করে পালিয়ে গেছে ।
দোকান মালিক আমজাদ হোসেন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মহরম প্রতি রাতে এ দোকানেই ঘুমাতো। বৃহস্পতিবার অনেক বেলা হয়ে গেলেও দোকান খুলছিলনা সে। এসময় পাশের অন্যান্য দোকানদার তাকে ডাকা ডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দোকানের ঝাঁপ খুলে ভেতরে মহরমকে মৃতাবস্থায় পরে থাকতে দেখেন। এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। আমজাদ হোসেন আরো জানান প্রায় সাত লাখ টাকার সোনা রূপার অলঙ্কার লুট হয়েছে তার।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অামিনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের গলায় মাফলার জড়ানো ছিল। ধারণা করা হচ্ছে কে বা কাহারা তাকে শ্বাস রোধ করে হত্যা করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com