জাকির আকন : সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে থেকে টি,এন্ড ,টি মোড় পর্যন্ত রাস্তায় জলাবদ্ধতায় শতাধিক পরিবারের বাসিন্দারা চরম ভোগন্তিতে পানিবন্দী জীবন যাপন করছে। গত এক মাস যাবত এই জলাবদ্ধতা সৃষ্টি হলেও নিরসনের জন্য কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ। সরজমিনে ও স্থানীয়দের অভিযোগে জানা যায়, তাড়াশ পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে থেকে টি,এন্ড, টি মোড় পর্যন্ত রাস্তায় প্রায় এক মাসের অধিক সময় জলাবদ্ধতার মধ্যে পানিবন্দী অবস্থায় যাতায়াত করছেন শতাধিক পরিবার। এই রাস্তার বাসিন্দা শিক্ষক আহমেদ আলী বি,এস,সি জানান, এই রাস্তায় জলাবদ্ধতায় দূর করার জন্য পৌরসভার অফিসে সচিবের কাছে আবেদন করেছি। সেচ পাম্প লাগানোর জন্য পৌর সচিবকে অনুরোধ করেছি, কিন্তু কাজ হয়নি। তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন জানান,পানিবন্দী অবস্থায় বাসায় থাকতে হচ্ছে। বাসা থেকে বের হলেই হাটু পানি। সমস্যা নিরসনে পৌরসভার কোন পদক্ষেপ বা ব্যবস্থা নেই বলেও তিনি জানান ।সরেজমিনে দেখা যায়, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান চেয়ারম্যানের বাড়ীর সামনে রাস্তায় জলাবদ্ধতায় পানি বের হতে পারছে না। ফলে এই এলাকার বাসিন্দাদের ভোগান্তি যেন সারা বছরই থাকে । স্থানীয় বাসিন্দারা জানান, পানি প্রবাহের খালনালাগুলো ভরাট করায় এ বছর প্রচুর বৃষ্টিপাত ও বর্ষার পানি বের হতে পারে নি। এ কারণে জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে । পৌর সচিব মোঃ আশরাফুল আলম ভূইয়া এ প্রসঙ্গে জানান, পানি নিস্কাশনের জন্য সামনে প্রকল্প দিয়ে ড্রেনেজ ব্যবস্থার কাজ করা হবে । ওদিকে তাড়াশ পৌর সদরের বিভিন্ন পাড়া মহল্লায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ায় জনভোগান্তি বেড়ে চলেছে বলে জানা গেছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com