সাঈদ সিদ্দিক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নাটোরের বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন আলীর (৪০) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।করোনা উপসর্গ নিয়ে তিনি গত ২ আগষ্ট রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন । তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ( আইসিইউ )তে রেখে চিকিৎসা সেবা দেওয়া হয় । পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় । পরে ১৪ আগষ্ট দিবাগত রাত ২টার দিকে করোনার সাথে যুদ্ধে পরাজিত হয়ে শষ নিঃশ্বাস ত্যাগ করেন । তিনি একজন সৎ ,দক্ষ ও নিষ্ঠাবান পুলিশ পরিদর্শক হিসেবে কাজ করে গেছেন ।
গত ২৪-৯-২০০৮ সালে এসআই পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন সুমন। পুলিশ পরিদর্শক সুমন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে ১৯৮৩ সালে জন্ম গ্রহণ করেন । দাম্পত্য জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক ।
তার এই অকাল মৃত্যুতে তার নিজ কর্মস্থল বড়াইগ্রাম থানার পুলিশ সদস্য , রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধী সমাজসহ সাংবাদিক মহলের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস তার এই অকাল মৃত্যুতে যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন ।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ( পিপিএম-বার) এক শোকবার্তায় জানান, করোনা সংক্রমণ রোধে সন্মুখ যোদ্ধা হিসেবে অর্পিত দায়িত্ব পালন কালে জীবন দিলেন পুলিশ পরিদর্শক সুমন আলী । দেশ ও জনগণের সেবায় জীবন উৎসর্গ করে তিনি ত্যাগের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন । তার প্রতি আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই । উক্ত শোকবার্তায় পুলিশ সুপার নাটোর মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com