চাটমোহর প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলা পাড়ায় নিজের বসতভিটা থেকে দিনমজুর ইব্রাহিমকে পরিবারসহ উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকারীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তিন বছর ধরে প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী। বর্তমানে পরিবারটি অন্যের দেওয়া জায়গায় মানবেতর জীবন-যাপন করছে। নিজের বসতভিটায় ফিরতে পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ইব্রাহিম।
সরেজমিনে জানা যায়, তিন বছর আগে এ পরিবারটিকে উচ্ছেদ করা হয়। এরপর তার বসতভিটা টিন দিয়ে ঘিরে দখল নেয় উচ্ছেদকারীরা। বাধা দিলে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা ও মারপিট করা হয়। পেশী শক্তির কাছে পরাজিত ইব্রাহিম আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। কিন্তু অভিযোগ আমলে নিতে টালবাহানা করে তারা। এরপর সংসদীয় স্থানীয় জনপ্রতিনিধির দারস্থ হন। কিন্তু সেখানেও প্রতিকার পাননি। ঘটনার সঙ্গে আজগর আলী ও ফারুক হোসেন নামে স্থানীয় দুই ব্যক্তি জড়িত।
ইব্রাহিমের কথায়, গরীব বলে কেউ আমাদের বিচার করেননি। জমিটি আমার বাবার। এ নিয়ে আদালতে মামলা হয়। সেখানেও আমরাই ডিগ্রি পাই। প্রতিপক্ষরা বলছে, আমার বাবা তাদের কাছে জমি বিক্রি করেছে। কিন্তু তাদের কাছে কোন দলিল নেই। শুধু গায়ের জোরে আর রাজনৈতিক প্রভাবে আমাদের উচ্ছেদ করা হয়েছে। তিনি জানান, থানায় গেছি। অভিযোগ দিয়েছি। কিন্তু কিছুই হয়নি। আমাদের থানা থেকে অভিযোগের কোন ‘কপি’ দেয়নি। শুনে লিখেছে। দারোগার কাছে দিয়েছে। এ টুকুই। বর্তমানে তারা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিভিন্ন স্থানে হামলা চালায়। ভয়ে থাকি আমরা। কখন কী হয়। কখন এসে মারপিট করে। তারা ভাঙ্গুড়া ছেড়ে চলে যাওয়ার কথা বলছে। অন্যথায় মেরে ফেলবে। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com