স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে অসামাজিক কর্মকান্ডে বাধা দেওয়ায় আকবর আলী (৪৮) নামে এক আশ্রয়ন প্রকল্পের সভাপতিকে ওই প্রকল্পের দুইজন নারী বাসিন্দা কর্তৃক লাঠি দিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে। গত ৩ জুন বুধবার সন্ধার দিকে এ ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের কুমাল্লু আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মমিন উদ্দিন মালয়েশিয়াতে থাকেন। তার স্ত্রী মাকসুদা খাতুন (৩২), তার ছোট বোন মারুফা খাতুন (২৪) তাদের মা ও আশ্রয়ন প্রকল্পের সদস্য মনেরা খাতুনের সাথে সেখানে বসবাস করেন। কুমাল্লু আশ্রয়ন প্রকল্পের সভাপতি আকবর আলীর অভিযোগ, ওই দুই নারীর বাড়িতে মাঝে মধ্যেই অপরিচিত লোকজন আসেন। এ নিয়ে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা তার কাছে একাধিকবার অভিযোগ করেছেন। বিষয়টি তাদের বলা হলে উল্টো তার (সভাপতির) নামেই থানায় জিডি করা হয়। এসবের জের ধরেই মাকসুদা খাতুন ও মারুফা খাতুন লাঠি নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেয়। তবে অভিযোগ অস্বীকার করে কুমাল্লু আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মাকসুদা খাতুন ও মারুফা খাতুন বলেন, তারা মারধর করেননি। বরং তাদের নানীকেই পিটিয়ে আহত করা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আশ্রয়ন প্রকল্পের সভাপতি ইফ্ফাত জাহান বলেন, উভয় পক্ষের কাছে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com