গুরুদাসপুরে জমে উঠেছে লিচুর বাজার

Spread the love

গুরুদাসপুর প্রতিনিধি : লিচুর রাজ্য খ্যাত নাটোরের গুরুদাসপুরে ২১ মে আনুষ্ঠানিকভাবে লিচু বাজার উদ্বোধনের কথা থাকলেও শুক্রবার ১৫ মে থেকেই জমে উঠেছে লিচুর মোকাম। এবার ৪৫০ হেক্টর জমিতে লিচুর বাম্পার ফলন হয়েছে। ন্যায্যমূল্য পেলে উপজেলার বেড়গঙ্গারামপুর বটতলার বৃহৎ লিচু মোকামে ১০০ কোটি টাকার লিচু বিক্রি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার দুপুরে সরেজমিন গেলে স্থানীয় লিচু ব্যবসায়ী মাহাবুর, হিটলারসহ অনেকে বলেন, এখনও সব লিচু পরিপক্ক হয়ে উঠেনি। কিন্তু মোজাফফর জাতের আগাম লিচু বাজারে আসার ফলে বেচাকেনায় জমে উঠেছে আড়ৎগুলো। প্রতি হাজার লিচু দেড় হাজার টাকা থেকে ২ হাজার টাকা মূল্যদরে বিক্রি হচ্ছে। তারা আরও জানান, আশপাশে ছোটখাটো বাজার মোল্লাবাজার, নাজিরপুর, কুমারখালী ব্রীজঘাট, বিন্যাবাড়ি ঝাউপাড়া, এলাকার লিচুও এই লিচু বাজারে আমদানী হয়ে থাকে। এমনকি পাশর্^বর্তী বড়াইগ্রাম ও সিংড়া উপজেলার লিচুও এই আড়তের মাধ্যমে বিক্রি হয়। প্রতিদিন ট্রাক বোঝাই হয়ে লিচু চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। বেড়গঙ্গারামপুর লিচু আড়ৎদার মালিক সমিতির সভাপতি সাখাওয়াত মোল্লা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, এই মোকামে ২০টি লিচুর আড়ৎ রয়েছে। প্রতিদিন বসছে রসালো লিচুর বাজার। প্রশাসনিকভাবে বহিরাগত লিচু বেপারীদের নিরাপত্তা নিশ্চিত করায় বেপারীরা মোকামে আসতে শুরু করেছেন।
উল্লেখ্য, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ১২ মে বেড়গঙ্গারামপুরের লিচুর মোকাম পরিদর্শন করেন। এসময় স্থানীয় লিচু চাষী ও ব্যবসায়ীদের সাথে লিচুর নিরাপদ আহরণ, উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে মতবিনিময় সভায় ২১ মে লিচুর বাজার উদ্বোধনের ঘোষণা দেন। কিন্তু মোজাফফর জাতের আগাম লিচু পরিপক্ক হওয়ায় শুক্রবার থেকেই বাজারে বেচাকেনা শুরু হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD