লুৎফর রহমান : দেশের ক্রান্তিলগ্নে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় করোনা রোগীদের সেবাদানের জন্য আইসোলেশন সেন্টার এবং করোনা নিবেদিত হাসপাতাল সমূহে সরকারি ডাক্তারদের স্বল্পতা দেখা দিয়েছে। এ অবস্থায় আমি ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় করোনা টিমে বদলি হয়ে করোনা রোগীদের সেবা করতে ইচ্ছুক।’এটি একজন চিকিৎসকের আবেদন।
তিনি সহকারি সার্জন ডা. মশিউর রহমান। তাঁর এই আবেদনটি পুরো স্বাস্থ্য বিভাগেই নাড়া দেয়। আবেদন গৃহীত হয়। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের ওই চিকিৎসক এখন নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
মশিউর রহমান ৩০ এপ্রিল থেকে হাসপাতালটিতে সংযুক্তি হিসেবে কর্মরত আছেন। কখনো করোনা সন্দেহে আসা রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আবার কখনো আইসোলশনে থাকা অন্তত ৭০ রোগীর দেখভালের দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন।
ডা. মশিউর রহমান বলেন, ‘মরতে তো হবেই। মরবো যখন ভালো পথেই মরি”। মানুষের সেবা করেই মরি। আমার নানা সুবেদার হাবিবুর রহমান (বীর উত্তম) দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে ৪৬ বছর পঙ্গুত্বের সঙ্গে লড়েছেন। নানার কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছি। দেশের জন্য যুদ্ধ করতে পারি নি সংগত কারণেই। তাই ভেবেছি দেশের এই ক্রান্তি লগ্নে করোনার সঙ্গে যুদ্ধটা চালিয়ে যাই।
চলনবিল বার্তা chalonbeelbarta.com