চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে করোনা ভাইরাস প্রতিরোধে মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের উপচে পড়া ভীড় লেগে থাকছে। সকাল থেকে বিকেল পর্যন্ত শিশুসহ নারী-পুরুষের লম্বা লাইন। স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই।
পৌর শহরের বালুচর খেলার মাঠে গিয়ে দেখা যায়, শতশত নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। একটি ট্রাকের উপর থেকে টিসিবির ডিলার পণ্য বিক্রি করছেন। দীর্ঘ লাইনে কোন রকম দুরত্ব নেই। শরীরের সাথে শরীর লাগালাগি করে দাঁড়িয়ে সবাই। স্থানীয়ভাবে প্রশাসন কোন প্রকার পদক্ষেপ নেয়নি। ক্রেতারা জানান, ভোর থেকেই টিসিবির পণ্য কিনতে তারা লাইনে অপেক্ষা করছেন। করোনাভাইরাসের ঝুঁকি থাকা সত্বেও মানুষ ঘরে থাকছেন না। বেরিয়ে পড়ছে হাট-বাজার, রাস্তা-ঘাটে। এরই ধারাবাহিকতায় টিসিবির পণ্য কিনতে শতশত মানুষ একত্রিত হচ্ছেন। অধিকাংশ মানুষের মুখে কোন মাস্ক নেই। সামাজিক দুরত্ব মানার জন্য উপজেলা প্রশাসন বারবার প্রচার চালালেও, তা যেন কেউই মানছেন না। এদিকে চাটমোহর উপজেলায় ইতোমধ্যে ৩ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com