চলনবিল বার্তা ডেস্ক : নিরবে নিশব্দে পরলোকে পাড়ি জমালেন তাড়াশের অগ্নিকবি খ্যাত আমজাদুল হক মুন্নু (ইন্না লিল্লাহে —–ইলাইহে রাজেউন)। গত ২৮ এপ্রিল বিকাল তিনটায় তাড়াশের নিজ বাসভবনে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। স্থানীয়ভাবে তিনি সবার কাছে পরিচিত ছিলেন মুন্নু ভাই নামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। ওই দিন রাত ১০টার দিকে তাকে তাড়াশ কবরস্থানে জানাযা শেষে দাফন করা হয়।
আমজাদুল হক মুন্নু তাড়াশের সেরাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ বিরোধী বিপ্লবী অগ্নি পুরুষ উপমহাদেশের ইতিহাসখ্যাত লেখক-রাজনীতিক এম. সেরাজুল হকের নাতি। মুন্নু ভাই আজীবন কবি , লেখক ও সাংবাদিক হিসেবে মূল্যবান অবদান রেখে গেছেন। বহু পত্রপত্রিকা ও গ্রন্থে তার বিচিত্র লেখালেখি প্রকাশ পেয়েছে। এক সময় তার দ্বিতীয় নিবাস ছিল তাড়াশ প্রেস ক্লাব। এই ক্লাবে তিনি দিনরাত অবস্থান করে সাহিত্য- সাংবাদিকতা করেছেন। চলনবিলের কিংবদন্তী লেখক-সমাজকর্মী অধ্যাপক এম.এ হামিদের নিবিড় সান্নিধ্য লাভ করেন তিনি। তার মত অমায়িক আচরণ ও স্বভাবসুলভ সরলতা ও সততা আজকের দিনে প্রায় বিরল। তাড়াশ দক্ষিণপাড়া তিনি ছেলেমেয়ে ও স্ত্রীসহ বসবাস করছিলেন। তবে স্ট্রোক করার পর বিগত কয়েক বছর যাবত অসুস্থ অবস্থায় নিজ বাসায় ছিলেন এই কবি। তার মৃত্যুতে তাড়াশ প্রেসক্লাব ও সাপ্তাহিক চলনবিল বার্তার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com