গুরুদাসপুর প্রতিনিধি : করোনা দুর্যোগকালে মাঠের পাকা ধান দ্রুত ঘরে তোলার লক্ষ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলার পাঁচ শতাধিক ধানকাটা শ্রমিককে স্বাস্থ্য সুরক্ষার দিকনির্দেশনা দিয়ে শুকনো খাবার দিয়েছেন নাটোর জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। তিনি সরেজমিন মাঠে গিয়ে শ্রমিকদের থাকা, চিকিৎসা ও দুর্যোগ মোকাবেলার জন্য সার্বিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপজেলা প্রশাসনকে। এসময় ইউএনও মো. তমাল হোসেন ও কৃষি কর্মকর্তা আব্দুল করিম উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে খুবজীপুর ইউনিয়নের রুহাই-বিলসা এবং পিপলা মাঠের কর্মরত শ্রমিকদের সাথে মতবিনিময় শেষে পানীয় জলসহ শুকনো খাবার ও খাবার স্যালাইন বিতরণ করেন জেলা প্রশাসক। এসময় কৃষক শ্রমিকদের স্যালুটও জানান তিনি।
তিনি বলেছেন, “এই দুর্যোগ মুহুর্তে বিদেশ থেকে খাদ্য নাও আসতে পারে। আমাদের উৎপাদিত ফসল সময়মত ঘরে তুলতে পারলে আমাদের খাদ্যের অভাব থাকবেনা। প্রধানমন্ত্রীর নির্দেশ জমি পতিত ফেলে রাখা যাবেনা। তাই বাড়িতে যার যেটুকু জমি আছে চাষাবাদ করতে হবে।” ব্যক্তি পর্যায়ে প্রতিবাড়িতে হাঁস-মুরগী পালনের অনুরোধ জানান তিনি।
ইউএনও তমাল হোসেন বলেন, “ঝড়-বৃষ্টি, করোনাসহ যেকোন অসুবিধবার কারণে শ্রমিকদের থাকার তিনটি আশ্রয়কেন্দ্র ও তিনটি কমিউনিটি হেল্থ কেয়ার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া তিনজন উপসহকারি কৃষি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক টিম সার্বক্ষণিক তাদের দেখাশোনার দায়িত্বে নিয়োজিত রাখা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com