মোঃ আকছেদ আলী ঃ চলনবিলের ভাঙ্গুড়ায় ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে চলছে উপজেলা পোস্ট অফিসের কার্যক্রম। ভবনের বাইরে দেয়ালে জন্ম নেওয়া পরগাছা বেড়ে উঠেছে। পলেস্তারে ড্যাম ধরে খুলে পড়তে শুরু করেছে। ভবনটি উত্তর দিকে হেলে পড়েছে । যে কোনো মুর্হূতে দুর্ঘটনা ঘটতে পারে। সবমিলে এই পোস্ট অফিসের ভবন দেখে মনে হবে এটি যেনো একটি পরিত্যক্ত ভবন। তাই এই ভবনটি অতিদ্রুত সংষ্কার করা দরকার।
৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে পাবনার ভাঙ্গুড়া উপজেলা। উপজেলা পরিষদের উত্তর পাশে দ্বি-তল পুরাতন ভবনে এই পোস্ট অফিস অবস্থিত। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষ সাধিত হলেও এখনো পোস্ট অফিসে ডাক আদান প্রদান, আর্থিক লেনদেন, বিভিন্ন পাবলিক পরীক্ষার খাতা বোর্ডে প্রেরণ, পার্সেল আদান প্রদান ও বিভিন্ন ধরণের সঞ্চয়পত্র, ডাক জীবনবীমাসহ অতি অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে টাকাও প্রেরণ করার মতো গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকেন। বর্তমানে এই অফিসে ১জন পোস্ট মাস্টারসহ মোট ৬জন কর্মকর্তা কর্মচারী নিয়মিতভাবে কর্মরত আছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার পাশে ও প্রাণি সম্পদ অফিসের পশ্চিম পাশে অবস্থিত দ্বি-তল ভবনে উপজেলা পোস্ট অফিস। সেখানে নিচ তলাতে চলছে পোস্ট অফিসের কাজকর্ম আর উপর তলাতে তিনকক্ষ সম্বলিত আবাসন স্থান রয়েছে যেখানে পোস্ট মাস্টারের পরিবার নিয়ে বসবাস করতে পারে। কিন্তু সেগুলিতে বর্তমানে দরজা জানালা ভেঙ্গে গেছে। ফলে সেখানে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে দীর্ঘদিন আগে থেকেই। এ দিকে মূলভবন টির পূর্ব দিকে বাহিরের দেয়ালের উপর জন্ম নিয়েছে একাধিক বট পাইকার নামের পরগাছা।
এবিষয়ে পোস্ট মাস্টার নাহিদা সুলতানা বলেন, এই ভবনটি সংস্কার হওয়া দরকার।এব্যাপারে ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল পাবনার আব্দুল হান্নান বলেন, উপজেলা পর্যায়ে ঝুঁকিপূর্ণ পোস্ট অফিস নতুন ভবন নির্মাণের কাজের যতগুলি ওয়ার্ক অর্ডার হয়েছে তার মধ্যে ভাঙ্গুড়া উপজেলা পোস্ট অফিস রয়েছে। অচিরেই নতুন ভবন নির্মাণ কাজ শুরু হবে বলেও জানান এই কর্মকর্তা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com