তদন্ত হলেও বিচার হল না
স্টাফ রিপোর্টার ঃ তাড়াশে জনৈক অফিসার কর্তৃক তার অফিসের নৈশ প্রহরীকে লাঞ্ছিত করার অভিযোগে ও প্রতিবাদে দফায় দফায় তদন্ত অনুষ্ঠিত হলেও আজো এর কোন সুষ্ঠু বিচার কিংবা দোষী ব্যক্তির শাস্তি দেয়া হয়নি। উল্টো ওই অফিসারের পদোন্নতি হয়ে নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ে সহকারি পরিচালক পদে যোগদান করেছেন।
স্মরণ করা যেতে পারে, গত নভেম্বর ২০১৯ এ তাড়াশের তৎকালিন উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদত হোসেন কর্তৃক তারই অফিসের বৃদ্ধ নৈশ প্রহরী আবদুর রাজ্জাককে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার ফলে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক হৃদরোগে আক্রন্ত হন। পরে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান। সপ্তাহখানেক চিকিৎসা শেষে তিনি তাড়াশের বাড়ি ফিরে এসে পূনরায় অফিসের কাজে যোগদান করেন। ইতোমধ্যে এ ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন পর্যায়ের তদন্ত অনুষ্ঠিত হয় ৬ থেকে ৭ বার। এমনকি তাড়াশের ভূতপূর্ব ভারপ্রাপ্ত ইউএনও-র সামনে উপজেলা সমাজসেবা অফিসার এই অমানবিক নিষ্ঠুর ঘটনার অবতারনা করেন। তা সত্বেও এবং দফায় দফায় বিভিন্ন্ তরফের পক্ষ হতে তদন্ত অনুষ্ঠানের পরেও সেসবের ফলাফল অদ্যাবধি জানা যায়নি। নাইটগার্ড আব্দুর রাজ্জাক দুঃখ করে বলেন, তদন্তকারি বিভিন্ন কর্মকর্তা তার এবং অফিসের কর্মকর্তা-কর্মচারিদের সাক্ষ্য নিলে সবাই উক্ত অফিসারকে ওই ঘটনায় শতভাগ দায়ী এবং দোষী বলে সাব্যস্ত করেন। অথচ মাসের পর মাস গড়িয়ে চললেও এর কোন ন্যায় বিচার ও অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে বিভাগীয় কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় না। এ দেশে দুর্নীতি আর অপকর্ম করলে যে শাস্তির বদলে পদোন্নতি হয় – এ ঘটনা তারই দৃষ্টান্ত বহন করে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com