স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে হামকুড়িয়া উচ্চ বিদ্যালয়, নাদো সৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ও ধামাইচ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে বিনা মূল্যের পাঠ্যবই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ, শিক্ষকেরা বিভিন্ন অজুহাতে এ টাকা আদায় করছেন।
আব্দুল কুদ্দুস, আরমান আলী, জামাল উদ্দিন, মজিবর রহমান, ছাইফুল ইসলাম, বাবু প্রামানিকসহ বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানা যায়, ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত প্রতি সেট বই নিতে তাদের সন্তানদের শ্রেণি ভেদে ২শ’ ৫০ থেকে ৫শ’ ৫০ টাকা দিতে হয়েছে। ভর্তি ফি, স্কাউট ফি, খেলাধুলা ফি ও সেশন ফি বাবদ শিক্ষকেরা এ টাকা আদায় করছেন।
শিক্ষার্থী সোমা খাতুন, বৃষ্টি, সুমি, সাথী, ইফা, কামনা, মিতু, সাকিল, মাহিম, এনামুল, আরাফাত, নাছির, মিলন, শিহাবসহ অনেকে বলেন, গত বুধবার নতুন বই সংগ্রহ করতে গেলে তাদের কাউকে টাকা ছাড়া বই দেওয়া হয়নি। শনিবার তারা টাকা দিয়ে বই নিয়েছেন।
সরেজমিনে হামকুড়িয়া উচ্চ বিদ্যালয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠের মধ্যে টেবিলে বসে কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের হাতে রশিদ ধরিয়ে দিয়ে টাকা আদায় করছেন। পরে তাদের বই দেওয়া হচ্ছে। এ সময় হামকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, বিদ্যালয়ে সারা বছরই অনেক খরচ হয়। সেশন ফিসহ তাই শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে।
নাদো সৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদুর রহমান বলেন, সেশন ফি বাবদ ৫০০/৫৫০ টাকা আদায় করা হচ্ছে।ধামাইচ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকুল হোসেন বলেন, বই বিতরণকালে ১৫০ টাকা করে নেওয়া হচ্ছে। পরে সেশন ফি’র মধ্যে এই টাকা বাদ দেওয়া হবে। এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, সরকারি বই বিতরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com