নোটিশ : ঔষধ নাই

Spread the love

বড়াইগ্রাম প্রতিনিধি : বড়াইগ্রামের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গত দুই সপ্তাহ যাবৎ ঔষধ সরবরাহ বন্ধ রয়েছে। যার কারনে সংশ্লিষ্টএলাকার দরিদ্র রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। ইতিমধ্যে উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রের গেটেই  রীতিমত ঔষধ না থাকার বিষয়টি উল্লেখ করে নোটিশ ঝুলিয়ে দেয়া হয়েছে। সরকারী ইজেনশিয়াল ড্রাগ কোম্পানী লিমিটেডের (ইডিসিএল) ঔষধ সরবরাহের পদ্ধতি পরিবর্তনে এ সঙ্কটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

জানা যায়, উপজেলার চান্দাই ইউনিয়ন বাদে অবশিষ্ট ছয়টি ইউনিয়নে একটি করে উপ-স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এসব স্বাস্থ্য কেন্দ্র থেকে দরিদ্র রোগীদের বিনামূল্যে ঔষধ ও ব্যবস্থাপত্রসহ অন্যান্য চিকিৎসা সেবা দেয়া হয়। কিন্তু সরবরাহ না থাকায় গত প্রায় ১৪ দিন যাবৎ এসব স্বাস্থ্য কেন্দ্রে কোন ঔষধ নেই।

গতকাল রবিবার দুপুরে সরেজমিনে ধানাইদহ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভবনের মুল ফটকে ঔষধ না থাকার নোটিশ ঝুলছে। ঔষধ না থাকায় একমাত্র এমএলএসএস ছাড়া আর কেউ সেখানে নেই। ঔষধ না পেয়ে ৪-৫ জন বৃদ্ধা মহিলা খালি হাতে ফিরে যেতে দেখা যায়। এ সময় ধানাইদহ  গ্রামের ময়জান বেওয়া জানান, ‘ওষুধ নিতে তিন দিন ধরে এ হাসপাতালে ঘুরছি। সবাই বলছে ওষুধ নাই। খুবই ঠান্ডা-জ্বরে ভুগছি। এখন যাব কই?’

ধানাইদহ উপ-স্বাস্থ্য কেন্দ্রের এমএলএসএস আতাউর রহমান জানান, প্রায় ১৪-১৫ দিন ধরেই ওষুধ নাই। স্যারেরা একটা নোটিশ টাঙিয়ে দিতে বলেছে। আমি সেটাই গেটে লাগিয়ে দিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উপসহকারী মেডিকেল অফিসার (সেকমো) জানান, ঔষধ না থাকায় রোগীরা খালি হাতে ফিরে যাচ্ছে, আমাদেরকেও নানা কথা শুনতে হচ্ছে। ঔষধ শেষ হওয়ার আগেই চাহিদা পত্র তৈরী করে পাঠালে এখন এ রকম অসুবিধায় পড়তে হতো না।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ রায় বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, এতোদিন ইজেনশিয়াল ড্রাগ কোম্পানী লিমিটেড (ইডিসিএল) থেকে সিভিল সার্জন অফিসে ঔষধ আসতো, আমরা সেখান থেকে এনে ইউনিয়ন পর্যায়ে ভাগ করে দিতাম। এখন ইডিসিএল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ পাঠাবে। আমরা সেজন্য চাহিদাপত্র তৈরী করছি। এ চাহিদা পত্র ইডিসিএলে পৌঁছানোর পর ঔষধ পাওয়া যাবে বলে তিনি জানান।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD