স্টাফ রিপোর্টার: তাড়াশের বিনসাড়া গ্রামে তথাকথিত ভন্ড পীর শাহ্ শরীফুল ইসলাম চিশ্তীর অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বাদ আসর উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের কয়েকশ’ মুসল্লি বিনসাড়া বাজার মসজিদে নামাজ আদায় শেষে ওই কর্মসূচিতে অংশ নেয়। এতে বিনসাড়া গ্রামের সাধারণ মানুষসহ আশপাশের গ্রামের আরও বহু মানুষ একাত্বতা ঘোষণা করেন। সমাবেশে বক্তৃতায় মাওলানা মো. সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াহাব, মাওলানা মুফতি নাজুল হাসান, আব্দুস ছাত্তার, আজমল হোসেন প্রমূখ বলেন, শরীফুল ইসলাম নামে ওই গুরু ব্যবসায়ি নিজেকে পীর দাবি করে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে ধোকা দিয়ে আসছেন। একজন পীর হওয়ার কোন যোগ্যতাই তার মধ্যে নেই। সালামের পরিবর্তে সেখানকার মুরিদদের জয় গুরু বলতে বাধ্য করা হয়। সেখানে যে মাইকে প্রতিদিন আযান দেওয়া হয়, সেই মাইকেই আবার গানও গেয়ে থাকেন মুরিদিয়ানরা। এসবের বিরুদ্ধে তারা (বক্তারা) তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত আবেদনও করেছেন। এদিকে সরেজমিনে শুক্রবার সকালে বিনসাড়া গ্রামের ওই পীরের আস্তানায় গিয়ে দেখা যায়, সেখানে চারজন শিশু। তাদের সবার বাড়ি নরসিংদি। তারা সবাই বিনসাড়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়েন। ওই চারজন শিশু নিজেদের মুরিদ সন্তান হিসেবে দাবি করেন। তারাও তাদের পীরকে সালাম দেওয়ার পরিবর্তে জয় গুরু বলে থাকেন। এদিকে শাহ্ শরীফুল ইসলাম চিশ্তী জানান, তার পীর সাহেব সাহ আব্দুস সামাদ চিশ্তী তাকে খেলাফত দিয়েছেন। সেই সূত্রে তিনি নিজেকে পীর বলে দাবি করছেন। এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তথাকথিত ওই পীরের কর্মকান্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বিমত রয়েছে। আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com