স্টাফ রিপোর্টার : তাড়াশের সগুনা ইউনিয়নের কুশাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জোরপূর্বক ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা, প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাৎ, বিদ্যালয়ের জায়গা দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিনের বিরুদ্ধে। বিষয়গুলোর প্রতিকার চেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্য টিপু সুলতানসহ আরও দু’জন।
অভিযোগ সূত্রে জানা যায়, কুশাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনে গত দশ বছর পূর্বের তারিখ ব্যবহার করে তারই সহোদর ভাইকে সভাপতি নিযুক্ত করার পাঁয়তারা করছেন। গত সেপ্টেম্বর মাসে নির্বাচনের মাধ্যমে অভিভাবক ও বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন অভিযোগকারী টিপু সুলতান, এরশাদ হোসেন ও আয়শা খাতুন। অথচ নির্বাচিত সদস্যদের না জানিয়েই প্রধান শিক্ষক তার ভাইকে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি করার চেষ্টা করছেন। অভিযোগে আরও জানা যায়, প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন দীর্ঘদিন ধরে একই বিদ্যালয়ের থাকার কারণে তার ইচ্ছেমত প্রভিডেন্ট ও উন্নয়ন ফান্ডের টাকা আত্তসাৎ করে আসছেন।তবে লিখিত অভিযোগের প্রেক্ষিতে কুশাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, অবশেষে সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান জানান, তদন্তপূর্বক নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com