সজীব কুমার পাল : চলনবিলের ভাঙ্গুড়ায় আকলিমা খাতুন (৬৭) নামে বৃদ্ধার লাশ উদ্ধার হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পার- ভাঙ্গুড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ রাতেই নিহতের বসতঘর থেকে তার মৃতদেহটি উদ্ধার করে। নিহত আকলিমা ওই গ্রামের মৃত হুজুর আলীর স্ত্রী। এদিকে নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
এলাকাবাসি ও নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, বৃদ্ধার কোন পুত্র সন্তান নেই,পাঁচটি কন্যার মধ্য গত দশ বছর পূর্বে ছোট কন্যা রেবা খাতুন (২৮) সাথে একই গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুল আলীম (৩৪) বিয়ে হয়। বিয়ের পর থেকেই আব্দুল আলীম যৌতুকের জন্য মাঝে মধ্যেই রেবাকে মারধর করত। বৃদ্ধা মা ছোট মেয়ের সুখের কথা ভেবে মেয়ে জামাইকে মুদি দোকান করে দেন। কিন্তু এতেও লোভী জামাই সন্তষ্ট না হয়ে রিবাকে মারধোর করে বাড়ি থেকে বের করে দেয়। ঘটনার দিন গ্রাম প্রধানদের সহায়তায় রেবাকে আব্দুল আলীমের বাড়িতে রেখে আসলে আবারও তাকে মারধর শুরু করে। মেয়েকে নির্যাতনের কথা শুনে বৃদ্ধা মা সেখানে গেলে তাকেও এলোপাথারিভাবে মারধর করে জামাই আঃ আলীম। পরে রাত দশটার দিকে বৃদ্ধা আকলিমার মৃত দেহ নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ভাঙ্গুড়া থানা পুলিশ উদ্ধার করে। ঘটনার পর থেকেই লোভী ছোট মেয়ে জামাই আঃ আলীম পালাতক।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com