চলনবিল বার্তা ডেস্ক: পুরো বর্ষা মওসুম জুড়ে চলনবিলের সর্বত্র অবাধে চলছে পোনা মাছ নিধনের মহাযজ্ঞ যা দেখার কিংবা ধরার কেই নেই।
চলনবিলের বিভিন্ন উপজেলা থেকে আমাদের প্রতিনিধিগণ জানাচ্ছেন, তাড়াশ, গুরুদাসপুর, সিংড়া, চাটমোহর, ভাঙ্গুড়াসহ বিলাঞ্চলের সব উপজেলার মাছের বাজারেই প্রতিদিন প্রচুর বিভিন্ন প্রজাতির পোনা মাছ বিক্রয় হচ্ছে। বাদাই জাল দিয়ে এসব পোনা মাছ শিকার করা হচ্ছে চলনবিলের বিভিন্ন এলাকায়। সরেজমিনে তাড়াশ বাজারে দেখা যায়, পাতিলে ও গামলায় পানিতে জিইয়ে বাজারে এনে ভাগা দিয়ে ক্ষুদে মাছ বেচাবিক্রি হচ্ছে দেদারছে। অর্ধ কেজি পোনা বিক্রি হচ্ছে ২০ টাকায়। ক্রেতাদেরও পছন্দের তালিকায় গুরা মাছ শীর্ষে। প্রায় সবাই পলি ব্যাগে এক পটলা পোনা মাছ কিনে ফিরছেন। কেই বা জানতে চান, দাম কত। কারো আবার মন্তব্য- খুবই স্বাদের মাছ। ওদিকে প্রশাসন অথবা মৎস্য বিভাগ কারোই নজর নেই এদিকটায়। সম্ভবত ডেঙ্গু নির্মূল আর গুজব প্রতিরোধ নিয়ে ব্যস্ত থাকায় পোনা মাছ নিধন ঠেকাবার গরজ এমুহুর্তে দেখা যাচ্ছে না।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com