গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশে রানীহাট সিরাজগঞ্জ বাজার দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামকে বরখাস্তের প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন শুরু করেছেন ঐ বিদ্যালয়ের সব শিক্ষার্থীরা। বিগত এক বছরের বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব না দেওয়ার অভিযোগে গত সোমবার ঐ প্রধান শিক্ষককে বরখাস্ত করে তার কক্ষে তালা ঝুলিয়ে দেন বিদ্যালয় পরিচালনা কমিটি। সেই থেকে পরিচালনা কমিটির বিরুদ্ধে ক্লাস বর্জন করে বিদ্যালয়ের মাঠে হাতে হাত রেখে মানববন্ধন ও বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ সমাবেশ করে আসছেন শিক্ষার্থীরা।
এদিকে, “প্রধান শিক্ষককে ফিরিয়ে আনুন, নয়তো ক্লাসে ফিরবোনা” ছাত্র-ছাত্রীদের এমন স্লোগানে তাদের অভিভাবকরাও হতাশ হয়ে পড়েছেন। দ্রুতই শিক্ষকের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে বিদ্যালয়ের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারাও।
শিক্ষার্থীগণ বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি সম্পূর্ণ অনৈতিকভাবে প্রধান শিক্ষককে বরখাস্ত করে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে যিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য নিরালসভাবে চেষ্টা করে চলেছেন তাঁরই বিরুদ্ধে এমন মিথ্যে অভিযোগ আর অন্যায় তারা কিছুতেই মেনে নিতে পারছেন না।
অভিভাবক সদস্যবৃন্দ বলেন, পরিচালনা কমিটির এমন হটকারী সিদ্ধান্তে বিদ্যালয়ের পরিবেশ একদমই অশান্ত হয়ে উঠেছে। প্রধান শিক্ষক বলেন, তাকে পরিকল্পিতভাবে বরখাস্ত করা হয়েছে। রানীহাট সিরাজগঞ্জ বাজার দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বাবলু প্রামানিক জানান, বিগত এক বছরের বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব না দেওয়ার কারণে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে ছাত্র-ছাত্রীদের স্বার্থে আগামী শনিবার শিক্ষক ও অভিভাবকদের সাথে বসে আলোচনার মাধ্যমে এসবের একটা সুষ্ঠ সমাধানের চেষ্টা করা হবে।
এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে প্রধান শিক্ষকের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে শিক্ষার্থীদের ক্লাসমুখি করতে মুঠোফনে বিদ্যালয় পরিচালনা কমিটিকে অবগত করা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com