স্বপন কুমার মন্ডল
(শোকের মাস আগস্টে বঙ্গবন্ধু স্মরণে)
একটা বুনো ঝড় তছনছ করে দিলো সব
কালো পতাকায় ঢেকে দিলো
জীবনের সব উৎসব।
জাতির জনক থেকে নারী শিশু বৃদ্ধ যুবক
আত্মীয় স্বজনসহ ছিল যারা কাছাকাছি
ছিল যারা সরকারি সেবক
রেহাই পায়নি কেউ ভয়াবহ সেই ভোর রাতে
হাহাকার করে আজো বাংলা ও বাঙ্গালী
সারাটা পৃথিবীর সাথে।
আজো আকাশ কাঁদে
কেঁদে ওঠে বাতাসের ঘ্রাণ
কোলাহল করে ফেরে সারা আঙিনায়
সেই সব তাজা তাজা প্রাণ
পনেরই আগস্টে যারা করে গেল অকাতরে দান।
কবির কবিতা কাঁদে গায়কের গান
শিল্পীর তুলি কাঁদে ফুল কাঁদে
কেঁদে হয়রান বাংলার নদী বহমান।
কোন দিন ভুলবে না মানুষেরা
এই শোক গাঁথা
শ্রদ্ধাভরে করবে স্মরণ সবে
নত করি মাথা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com